টাইমস ২৪ ডটনেট: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত বিশাল বোমাটি পারমাণবিক নয় বরং প্রচলিত অস্ত্র। তবে ওয়াশিংটনের এ ধরনের অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু তারপরও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে জানালেন ট্রাম্প। কিন্তু কিভাবে সেটি বাস্তাবায়ন করতে চান—সেসব বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আমেরিকান সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। ইরানের বিরুদ্ধে ওই বোমা ব্যবহারের বিষয়ে তার প্রশাসন ভাবছে কি না, এমনকি মধ্যবর্তী নির্বাচনের পর তা ব্যবহারের সম্ভাবনা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বোম্বস পারমাণবিক অস্ত্র নয়।
এটি কেবল অত্যন্ত বড় একটি বোমা।’ সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে ট্রাম্প বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার প্রয়োজন নেই।’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা না থাকার কথা বারবার জানান দেওয়ার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প।
ইরানের সম্ভাব্য ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনের’ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমরা পিকঅ্যাক্স মাউন্টেনের বিষয়টি বিবেচনা করছি। সেখানে যেতে হতে পারে। আমরা সেটিতে হামলা চালাব। দ্রুত ধ্বংস করে দেব।’ এ অভিযানে মার্কিন স্থলসেনা পাঠানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, তেমনটা হবে বলে মনে করি না।
’ট্রাম্প আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত না করে যুক্তরাষ্ট্র যদি সেখান থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে এক বছরের মধ্যে আবার সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। তিনি বলেন, ‘আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র না পায়।’ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলেও একাধিক পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প। তার দাবি, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে। ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। যেকোনোভাবেই হোক, এটি দ্রুত শেষ হবে। এরপর তেলের দাম পাথরের মতো দ্রুত পড়ে যাবে, কমবে গ্যাসের দামও।’ ট্রাম্পের দাবি, ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা আমাদের অনুরোধ করেছে, যেন আমরা হামলা বন্ধ করি। আর আমরা তা করছি, কারণ তাদের সঙ্গে আলোচনা চলছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না-এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’
কৌশলে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প