topআন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

টাইমস ২৪ ডটনেট: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতের আঁধারে চালানো হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। এতে অস্থির ওই অঞ্চলে আবার নতুন করে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা ভয়াবহ আকার ধারণ করেছে।
প্লাটো রাজ্যের স্থায়ী নিরাপত্তাহীনতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে ওই হামলার ঘটনা। অঞ্চলটিতে কৃষিভিত্তিক সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে প্রায়ই জমি ও সম্পদ কেন্দ্রিক বিরোধ ঘিরে রক্তক্ষয়ী ও প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিয়মিতই বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে গৃহহীন হয়ে পড়েন। রাজ্যের স্থানীয় কাউন্সিলর লেমুন লে’আন ইলিয়া বলেন, ঘটনাস্থলেই ২৩ জন মারা গেছেন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে।
আমোস জন নামের অপর এক বাসিন্দা বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, হামলাকারীরা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঘরে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের বেশরভাগই নারী ও শিশু। প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।
এদিকে স্থানীয় মওয়াগাভুল ইয়ুথ মুভমেন্ট নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন দুস্থ ও অরক্ষিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ওপর একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো, নিরীহ মানুষকে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ফসলি জমি নষ্ট করার ঘটনাগুলোকে সাধারণ আর দশটি ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরে জমি, গবাদি পশুর চারণভূমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে; যা প্রায়ই জাতিগত ও ধর্মীয় বিভাজনে রূপ নিয়ে মারাত্মক আকার ধারণ করে।

সূত্র: রয়টার্স।

Related Articles

Back to top button