GPS Migration & Admission-এর বিরুদ্ধে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রংপুর নগরীর বিকন মোড় এলাকার আসাদ টাওয়ারে অবস্থিত GPS Migration & Admission নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষা ও অভিবাসনের সুযোগ করে দেওয়ার আশ্বাসে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করলেও অনেক ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা দিতে ব্যর্থ হয়েছে এবং জমাকৃত অর্থ ফেরত দিতে টালবাহানা করছে।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র (USA), যুক্তরাজ্য (UK), মালয়েশিয়া, হাঙ্গেরি, কানাডা, মাল্টা, সুইডেন, চীন ও ডেনমার্কসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও অভিবাসনের সুযোগ-সংক্রান্ত আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে। এসব বিজ্ঞাপন দেখে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গেলে বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাডমিশন ফি, টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি, অনুবাদ ফি এবং অন্যান্য খাতে জনপ্রতি আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশে পাঠাতে না পারলেও অনেকের অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি রংপুরের আসাদ টাওয়ার, বিকন মোড় থেকে BL-2024-25001464 নম্বরের ট্রেড লাইসেন্সের আওতায় কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগকারীদের দাবি, বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এ অভিযোগের সমর্থনে প্রতিবেদকের কাছে একাধিক নথি ও তথ্য-প্রমাণ রয়েছে।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক যুবায়ের হোসেন সৌরভ-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এদিকে, ভুক্তভোগীরা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



