topবাংলাদেশ

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

এনামুল হক, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সিইসি ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট ৬টি। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়েছে। নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। এসময় সিইসি হিসেবে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতিকে একেএকে শুভেচ্ছা জানান। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে সংসদ সদস্যরা নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।
এরআগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এদিন বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরআগে বক্তব্যের শুরুতেই মাইক বিভ্রাটে পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। এরপর তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং নির্বাচনের নিয়মাবলী সংসদে তুলে ধরেন। এরপর নির্বাচনি সহায়ক কর্মকর্তারা সংসদে সদস্যদের আসনে ব্যালট নিয়ে যান। নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারে ভোট দেবেন তারা। রাষ্ট্রপতি নির্চানের ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারদলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করেন। এদিন নির্বাচনি কর্তা হিসেবে ভোটগ্রহণ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। সংসদ অধিবেশনের কক্ষে তিনটি নির্ধারিত ব্যালট বাক্সে ভোট দেন তারা। এর আগে প্রায় সব নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে ভোটে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তপসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিরোধীদলীয় নেতাকে বুকে টেনে নিলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি: জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সিনিয়র নেতারা এগিয়ে এলে মির্জা ফখরুল নিজের আসন ছেড়ে সামনে এগিয়ে যান। এ সময় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা মুহুর্মুহু করতালি ও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও এসময় সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সিনিয়র নেতারা এগিয়ে এলে মির্জা ফখরুল ইসলাম নিজের আসন ছেড়ে সামনে এগিয়ে যান। প্রথমে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিরোধীদলের উপ-নেতাসহ অন্যান্য সিনিয়র নেতারাও নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা জানান। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও নিজের আসন ছেড়ে অধিবেশন কক্ষের মাঝখানে চলে যান। সেখানে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এদিকে, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে তিন সংসদ সদস্য ভোট দেন নি। তারা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সংসদ সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তার পক্ষে এই নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির বা ১১ দলীয় জোটের যেকোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত তাকে ভোটকক্ষে দেখা যায়নি। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, সংসদ সদস্যদের আসনভিত্তিক এই ভোটাভুটিতে তিনটি নির্ধারিত ব্যালট বক্স রাখা হয়েছে। ব্যালট পেপারে নিজ নিজ নাম স্বাক্ষর করে ভোটাররা গোপনীয়তার সঙ্গে তাদের ভোট জমা দিয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। নূরুল ইসলাম মনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার (বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন) রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তাঁর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান। এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালম ও অভিবাদন জানান। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সহ অন্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে আসলে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে এসে প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এ সময় একে একে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি করেন। নতুন রাষ্ট্রপতি এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এ সময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয় বিকাল ৫টা ২ মিনিটে। ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button