
নিউইর্য়ক থেকে সোহেল হোসাইনঃ ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ । নিউইর্য়ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা আনকপস ২০২৬ এ বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ আহ্বান জানান ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে নিরাপত্তা চ্যালেন্জ গতানুগতিক সক্ষমতা দিয়ে মোকাবেলা করা সম্ভব নয় । তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের ক্রমবর্ধমান বিস্তার ও জটিলতা মোকাবেলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন ।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ ইউনিটগুলোকে আরও সক্ষম ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ উল্লেখযোগ্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। মন্ত্রী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলনের আদানপ্রদান জোরদারে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ এন্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব প্রদান করেন।
জলবায়ু পরিবর্তনকে উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে একটি বার্ষিক ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনেরও প্রস্তাব প্রদান করেন।



