বাংলাদেশ

সিরাজদিখানে সন্ত্রাসীদের হাতে নিহত ইলিয়াস মোল্লার পরিবারের পাশে এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত ইলিয়াস মোল্লার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

শুক্রবার জুমার নামাজের পর তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের কাছে হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর এবং নিরপেক্ষ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এটি একটি নৃশংস ও নিন্দনীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, গত ১৯ জুন সকালে সিরাজদিখান উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টেম্পু স্ট্যান্ড এলাকায় সিদ্দিক মোল্লা ও রওশন আরা রুশি মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ইলিয়াস মোল্লা। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, ঘটনার সময় ইলিয়াস মোল্লা ও এশাক মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলের পাশের বাসি মানিকের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং অভিযুক্ত সিদ্দিক মোল্লা ও রওশন আরা রুশির ঘটনার আগে-পরে দুই দিনের মোবাইল ফোনের কল রেকর্ড (কললিস্ট) উদ্ধার করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহজ হবে। তবে এসব বিষয়ে তদন্তে পর্যাপ্ত অগ্রগতি না থাকায় তারা উদ্বেগ প্রকাশ করেন এবং মামলার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

পরিবারের আরও অভিযোগ, মামলার দুই নম্বর আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে বিভিন্ন স্ট্যাটাস দিলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এছাড়া প্রধান অভিযুক্ত সিদ্দিক মোল্লা বিভিন্নভাবে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছেন বলেও তারা দাবি করেন। এসব অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নিহতের স্বজনরা।

Related Articles

Back to top button