বাংলাদেশ

কোলা ইউনিয়নকে আধুনিক ও পরিকল্পিত গ্রাম গড়তে চান রমজান আলী খান মাস্টার

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজসেবক রমজান আলী খান (মাস্টার)। তিনি কোলা ইউনিয়নকে একটি পরিকল্পিত, আধুনিক ও উন্নয়নমুখী গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়ভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তি, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও শিক্ষাজীবনের অভিজ্ঞতার কারণে এলাকাবাসীর মধ্যে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রমজান আলী খান বলেন, নির্বাচিত হলে কোলা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রমজান আলী খান বর্তমানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি এলাকাবাসীর শ্রদ্ধা অর্জন করেছেন।
তিনি সিরাজদিখানের ঐতিহ্যবাহী ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক। শিক্ষকতা জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন তিনি।
উচ্চশিক্ষিত এই প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি এবং পরবর্তীতে বিএড সম্পন্ন করেন। শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। একসময় অবহেলিত কোলা ইউনিয়নের সাংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত করতে তার ভূমিকা এলাকাবাসীর কাছে স্মরণীয়।
রমজান আলী খান কোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। তার বাবা মরহুম জয়নাল আবেদীন খান ছিলেন একজন সুপরিচিত সমাজসেবক। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।
তিনি মুন্সিগঞ্জের প্রাচীন সামাজিক সংগঠন ‘কোলা অগ্রদূত সমিতি’র সাবেক সভাপতি। এছাড়া কোলা পঞ্চায়েত কমিটির কবরস্থানের জমিদাতা পরিবারের সদস্য হিসেবেও তার পরিবারের অবদান রয়েছে।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে রমজান আলী খান বলেন, নির্বাচিত হলে গ্রামীণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ এবং কৃষকদের জন্য সহায়তামূলক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান নেওয়া হবে। উদ্যোগী নারীদের কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, “কোলা ইউনিয়নকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে রমজান আলী খান মাস্টার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় রয়েছেন।

Related Articles

Back to top button