রাজনীতি

অনিয়ম অভিযোগ তুলে ৩০ আসনে পুনঃ ফল গণনার দাবি জামাতের

সুকুমার সরকার : ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসার কথা বললেও নির্বাচনে পরাজিত মেনে নিতে কষ্ট হচ্ছে জামাতে ইসলামির। তাই এবার নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ফল গণনার আবেদন করেছে বাংলাদেশ জামাতে ইসলামি। শনিবার রাজধানী ঢাকায় এক ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি তোলেন। এদিন ঢাকায় সাংবাদিক বৈঠকে দেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জামাত নেতা এহসানুল মাহবুব বলেন, ‘৩০টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামাতে ইসলামি। এসব আসনে ফলাফল স্থগিত রাখতে আইনি পথে হাঁটবে দল। একই সঙ্গে এই ৩০টি আসনে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখতেও আবেদন করা হয়েছে।’
একজন প্রাথীর মৃত্যু জনিত কারণে গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এ ছাড়া জামাত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পর সারা দেশে জামাতে ইসলামির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলা চালানো হচ্ছে। নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’।

Related Articles

Back to top button