পাকিস্তানে ব্যাপক অভিযান, নিহত প্রায় দেড়শ

টাইমস ২৪ ডটনেট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সমন্বিত হামলার পর টানা ৪০ ঘণ্টার অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। রোববার কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মুখ্যমন্ত্রী বুগতি জানান, শুক্রবার ও শনিবার চালানো অভিযান এবং চলমান ক্লিয়ারেন্স অপারেশনে তারা নিহত হয়েছেন। এর আগে পাকিস্তানের সেনাবাহিনী শনিবার জানিয়েছিল, অভিযানে অন্তত ৯২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।বুগতি বলেন, এত স্বল্প সময়ে এত সংখ্যক বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে বিরল। তবে তিনি তুলনামূলক পরিসংখ্যান দেননি। এই হামলা ও পাল্টা অভিযানে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানান তিনি।
রয়টার্স জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা ‘হেরোফ’ বা ‘ব্ল্যাক স্টর্ম’ নামের একটি সমন্বিত অভিযান চালিয়েছে। এর লক্ষ্য ছিল প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনী। কোয়েটা, গ্বাদর, মাস্তুং ও নুশকিসহ একাধিক জেলায় একযোগে হামলা চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিট যৌথভাবে বড় পরিসরে অভিযান শুরু করে। কয়েকটি এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।পাকিস্তানের সেনাবাহিনী শনিবার এসব হামলায় ভারত-সমর্থিত সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছে। তবে রোববার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের আনা ভিত্তিহীন অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, ইসলামাবাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া এবং অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি-দাওয়া সমাধান করা।
পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। তারা বৃহত্তর স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশের দাবি জানিয়ে আসছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার সময় সশস্ত্র যোদ্ধারা কোনো শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিতে পারেনি। অভিযানে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।



