জলাধার বাঁচাতে রবীঠাকুরের জেলায় ময়ূর নদে কলাগাছের ভেলা বাইচ

সুকুমার সরকার: জলাধার বাঁচাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জেলা খুলনার ময়ূর নদে ব্যতিক্রমী ভেলা (কলাগাছের তৈরি) বাইচ অনুষ্ঠিত হলো। এছাড়াও আয়োজনটি সবার দোড়গোরায় পৌঁছে দিতে খুলনার দিঘলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ফাইনাল অনুষ্ঠিত ছাড়াও ডুমুরিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
খুলনা মহানগরীর ময়ূর নদে প্রথমবারের মতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা গতকাল শুক্রবার বিকেল ৪টায় আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা ঘিরে নদীর দুই তীর ও সেতুতে নেমে আসে দর্শকদের ঢল। খুলনা দিবস উপলক্ষে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি দল। দুই রাউন্ড শেষে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এতে প্রথম স্থান অর্জন করেন মনিরুল, দ্বিতীয় হন অহিদুল এবং তৃতীয় স্থান লাভ করেন আলামিন শেখ। বিজয়ী সবাই তেরখাদা উপজেলার বাসিন্দা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের শাসক নজরুল ইসলাম মঞ্জু।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও দূষণে ময়ূর নদ বর্তমানে মারাত্মকভাবে বিপর্যস্ত। নদীর বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ, মাছের ঘের ও দখলদারিত্বের কারণে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। দূষণের ফলে জলের রং কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বাস্তবতা তুলে ধরতে এবং নগরবাসীকে নদী রক্ষায় সচেতন করতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনাকে একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদকে রক্ষা করা জরুরি। এজন্য অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
খুলনা সিটি কর্পোরেশনের শাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ময়ূর নদ রক্ষা ছাড়া খুলনার টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে করে নগরে বিনোদন ও পর্যটনের নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।” বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। ###



