Uncategorized

চরফ্যাশনে মান্দারতলী খাল অস্তিত্ব সংকটে বর্জ্য দূষণে বাড়ছে জলাবদ্ধতা, জনস্বাস্থ্য হুমকিতে

মীর সাজু, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌর শহরের ঐতিহ্যবাহী মান্দারতলী খাল দখল ও বর্জ্য দূষণে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় স্বচ্ছ পানির প্রবাহমান এই খালটি এখন ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছায় ভরাট হয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পৌর এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চরফ্যাশন হাসপাতাল, কাঁচাবাজারসহ আশপাশের মাছ-মাংসের দোকান থেকে উৎপন্ন বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে। ফলে পানির মান মারাত্মকভাবে দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। খালের বিভিন্ন স্থানে প্লাস্টিক, ভাঙা গ্লাস, ড্রেনের ময়লা ও কচুরিপানা জমে পানিপ্রবাহ সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়িতে পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও খালের মুখ ও ড্রেনে জমে থাকা বর্জ্যের কারণে পানি নিষ্কাশন কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর সুফলও ভোগ করতে পারছেন না সাধারণ মানুষ।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি খনন ও পরিষ্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিয়মিত তদারকি ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
ভোলা জলবায়ু ফোরামের সভাপতি আবু সিদ্দিক বলেন, দ্রুত খালটি পুনঃখনন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং বাজার ও হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি খালে ময়লা ফেলা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও পৌর এলাকায় প্রয়োজনীয় ডাস্টবিন স্থাপনের দাবি জানান তিনি।
এ বিষয়ে চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Back to top button