জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার‘অবৈধ প্রশাসক’ অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ‘অবৈধ প্রশাসক’ অপসারণ করা সহ দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বকশিবাজারের ০৬ অরফানেজ রোডে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সংস্থার প্রায় দেড় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক গাফফার সহ-সভাপতি মনিরুল ইসলামসহ অন্যান্য দৃষ্টি প্রতিবন্দীরা।
মানববন্ধনে সংস্থার সাধারণ সদস্য মোহাম্মদ জামাল হোসেন মিয়া বলেন, সংস্থার নির্বাচন আসলে একটি কুচক্র মহল আমাদের প্রতি অবিচার চালায় সম্প্রতি মন্ত্রণালয় থেকে ‘অবৈধ নিয়োগকৃত প্রশাসক’ সংস্থার কার্যক্রমে হস্তক্ষেপ করে দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর অমানবিক আচরণ চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের ৩৬৪টি জেলায় সংস্থার শাখা রয়েছে এবং এসব শাখার মাধ্যমে প্রতি বছর এক থেকে দুই হাজার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা, সেলাই মেশিন, মাতৃত্বকালীন সহায়তাসহ বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এমনকি কোনো সদস্য মারা গেলে তার দাফন-কাফনের ব্যবস্থাও সংস্থা থেকে করা হয়। কিন্তু এসব কার্যক্রম কিছু কুচক্রী মহলের সহ্য হচ্ছে না বলে অভিযোগ তুলে তিনি বলেন, তারা ভুল তথ্য দিয়ে প্রশাসনের কাছে প্রভাব খাটিয়ে এই কার্যক্রমগুলো বানচাল করার চেষ্টা করছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সংস্থার নির্ধারিত নির্বাচনও ইচ্ছাকৃতভাবে বানচাল করা হয়েছে এবং এই সুযোগে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি করে সংস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তারা বলেন, এই ‘অবৈধ প্রশাসককে’ তারা মানেন না এবং মেনে নেবেন না।
বক্তারা সরকারের কাছে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসককে অপসারণের দাবি জানান। পাশাপাশি যারা মিথ্যা তথ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে, সেই কুচক্রী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর কোনো ধরনের অত্যাচার বা অবিচার না হয় এবং তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হয়



