ফুলবাড়িয়ায় ঝুঁকিপূর্ণ ব্রীজে লোহার বেরিকেট ভেঙ্গে চলছে ভারী যানবাহন! প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মো: আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে কলমদরিয়া নদীর উপর ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্রীজের দু”পাশে সাইনবোর্ড লাগানোর পরও লোহার বেরিকেট ভেঙ্গে অহরহ চলছে ভারী যানবাহন।
সম্প্রতি ব্রীজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এতে কোনো প্রকার ভারী যানবাহন চলাচল না করার নির্দেশ দিয়ে ব্রীজের দু”পাশে লোহার বেরিকেট লাগিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের এই বিধি-নিষেধের কোন তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ ব্রীজের ওপর দিয়েই চলছে ইট, বালি ও কাঠসহ বিভিন্ন মালামাল বোঝাই অবৈধ লড়িগাড়ী সহ অন্যান্য ভারী যানবাহন।

স্থানীয়রা জানান, অবৈধ লড়ি, ট্রাক্টর সহ ভারি যানবাহনে কাঠ, ইট, বালি, পাথর ও মাটি বহনের ফলে মেয়াদ উত্তীর্ণ ব্রীজটি হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার মধ্যেও প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ ঐ ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল করছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারি যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, স্থানীয় কতিপয় ড্রাইভার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো: জোবায়ের হোসেন বলেন, ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ব্রীটি পুন:নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার বলেন, প্রশাসনের নিষেধ অমান্য করে লোহার বেরিকেট ভেঙ্গে যানবহন চালাচলের ‘বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



