বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় যাত্রী হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় যাত্রীদের হয়রানি ও প্রতারণা প্রতিরোধে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৬টায় বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়।এতে যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম,বেনাপোল পোর্ট থানা পুলিশ,বন্দর আনসার, বন্দর নিরাপত্তা গার্ড এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দরা অংশগ্রহণ করেন।
মহড়ার মূল উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দালাল চক্রের প্রতারণা ও হয়রানি বন্ধে সচেতনতা বৃদ্ধি করা।এ সময় সংশ্লিষ্টরা যৌথভাবে টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করেন। এছাড়া ও মহড়ার অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হয়,
যাতে তারা কোনো প্রকার দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন এবং প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা গ্রহণ করেন।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান,বেনাপোল বন্দর এবং চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় দেশের দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা যাতে কোন ধরনের হয়রানি বা প্রতারনার শিকার না হয় সেদিক বিবেচনা করে ডিবি পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ, আনসার সদস্য, বন্দরের নিরাপত্তা গার্ড,বন্দরের কর্মকর্তা কর্মচারীবৃন্দারা এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করেন। মাঝে মাঝে এ মহড়া চালানো হবে বলে তিনি জানান।



