রাজনীতি

ফুলবাড়িয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তৃণমূলে দরিদ্র মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে ব্র্যাকের নানামুখী উদ্যোগ ও প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ওই প্রকল্প পরিদর্শন করতে ফুলবাড়িয়ায় উপজেলার দেওখোলায় উপস্থিত হন তিনি। পরিদর্শনকালে জাইমা উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের প্রথা অনুযায়ী চাটাইয়ে বসে ভুক্তভোগীদের সঙ্গে উঠান বৈঠকে মতবিনিময় করেন।

তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের বক্তব্য শোনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও অবহিত হন। এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক কর্মকর্তারা গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে পরিচালিত নানা প্রকল্প সম্পর্কে জাইমা রহমানকে বিস্তারিত জানান। বিশেষভাবে তুলে ধরা হয় ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের কার্যক্রম। এ কর্মসূচির আওতায় দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে, বিশেষ করে নারীদের, ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভশীল করে তোলা হয়।
স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে জেলা ও উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকার জানান, ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে দেখা এবং কথা হয়েছে। তিনি সবার কথাই শুনেছেন। পরে তিনি ভালুকা ও ত্রিশালে ব্র্যাকের কর্মসূচি পরিদর্শন করেন। ব্যারিস্টার জাইমা রহমানের পরিদর্শনের খবর কোনো মিডিয়াকে অবহিত করা হয়নি। স্থানীয় সাংবাদিকের উদ্দেশ্যে তিনি কোনো বক্তব্য দেননি।

 

 

Related Articles

Back to top button