ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান: দুই দেশীয় এলজিসহ এক আসামি গ্রেফতার

এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার ব্যুরোচীফ: কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (লংগান) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে কক্সবাজার সদর মডেল থানাধীন চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চৌফলদণ্ডী এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা একটি ড্রাম বোটের যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা। বর্তমানে উখিয়ার মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তল্লাশিকালে তার কোমড়ে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
ওসি ছমি উদ্দিন বলেন, “অস্ত্র ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।



