বাংলাদেশ

বিশ্বজিৎ মন্ডল যমুনা ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চিরতরে নিষিদ্ধ, একবছর পর অন্য ইন্স্যুরেন্সে কাজ করতে পারবেন

মাখদুম সামি কল্লোল: বীমা খাতে আলোচিত এক সিদ্ধান্তে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণের আদেশ বহাল রেখে তা আংশিক সংশোধন করেছে। সংশোধিত আদেশ অনুযায়ী তিনি যমুনা ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে চিরতরে কোনো পদে দায়িত্ব পালন করতে পারবে না এবং এক বছর অন্য কোনো বীমা কোম্পানিতে সিইও পদে যোগ দিতে পারবে না।

আইডিআরএ সূত্রে জানা যায়, বীমা আইন, ২০১০ অনুযায়ী ২০১৮-২০২০ সময়কালের কার্যক্রম পর্যালোচনায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ বিশেষ নিরীক্ষা পরিচালনার জন্য ‘হুসেইন ফরহাদ এন্ড কোং’ নামের একটি অডিট ফার্ম নিয়োগ করা হয়। তবে অভিযোগ ওঠে, কোম্পানির তৎকালীন সিইও ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরীক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সরবরাহে অসহযোগিতা করেন।

তদন্ত ও শুনানিতে সিইওর বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ২৬৭টি ব্যাংক হিসাবের মধ্যে মাত্র ১১৫টির তথ্য সরবরাহ, ফলে প্রায় ১৭৩ কোটি টাকার স্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দুই হাজারের বেশি লাইসেন্সবিহীন এজেন্টকে কমিশন প্রদানের তথ্য গোপন, অনিষ্পন্ন বীমা দাবির সঠিক তথ্য ও নবায়ন প্রিমিয়ামের ভাউচার না দেওয়া এবং আইটি সিস্টেমে অডিট টিমকে প্রবেশাধিকার না দেওয়ার অভিযোগ উঠে। তদন্তে আরও উল্লেখ করা হয়, তথ্য না দেওয়ার দায় সাবেক কর্মচারীদের ওপর চাপানোর চেষ্টা এবং ভুয়া ই-মেইল স্ক্রিনশট ও পরিবর্তিত নথি দাখিলের ঘটনা।

কর্তৃপক্ষ মনে করে, এসব কর্মকাণ্ড বীমা আইন, ২০১০-এর ২৯ ধারা (বিশেষ নিরীক্ষা) ও ৫০(১)(খ) ধারা লঙ্ঘনের শামিল এবং এর মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় ২১ সেপ্টেম্বর ২০২৩ তাকে সিইও পদ থেকে অপসারণ করা হয় এবং নতুন সিইও নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে অপসারণ আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট মামলা প্রত্যাহার করে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং আদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। বিষয়টি পর্যালোচনা করে আইডিআরএ সংশোধিত সিদ্ধান্তে জানায়, তিনি যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো পদে আর নিয়োজিত হতে পারবেন না। এছাড়া আদেশের তারিখ থেকে এক বছর অন্য কোনো বীমা কোম্পানিতে সিইও হিসেবে নিয়োগ পাওয়া যাবে না। তবে এক বছর অতিক্রান্ত হলে উল্লিখিত দুই কোম্পানি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে সিইও পদে যোগদানে বাধা থাকবে না। এই এক বছরের মধ্যে অন্য কোম্পানিতে সিইও ছাড়া অন্য পদে কাজ করার সুযোগ থাকবে।

বীমা খাত সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত করপোরেট সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Related Articles

Back to top button