রামুতে ধানের শীষের সমাবেশে জনতার আবেগের মহাস্রোত, কাজলের কণ্ঠে নীরব প্রত্যয়ের ঘোষণা

এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি : রামু উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনতার আবেগ, প্রত্যয় ও পরিবর্তনের আকাঙ্ক্ষার এক বিশাল মহাস্রোতে। বিকেল তিনটায় সমাবেশের আনুষ্ঠানিক সূচনার কথা থাকলেও তার বহু আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়।
দূরদূরান্ত থেকে হেঁটে আসা মানুষের ঢল প্রচণ্ড রোদ, ক্লান্তি ও কষ্ট উপেক্ষা করে পরিবর্তনের আশায় সমাবেশে যোগ দেন। অতিরিক্ত ভিড় ও গরমের কারণে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন, এদের মধ্যে কয়েকজন জ্ঞান হারান বলে জানা গেছে।
বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা লুৎফুর রহমান কাজল মঞ্চে উঠতেই মুহূর্তে পাল্টে যায় পুরো পরিবেশ। হাজারো মানুষের কোলাহল থেমে গিয়ে সমাবেশস্থলে নেমে আসে পিনপতন নীরবতা। একাগ্র দৃষ্টিতে, নিঃশ্বাস আটকে রেখে জনতা শোনে তাঁর কণ্ঠ—স্বপ্নের কথা, সংগ্রামের কথা, রামুর আগামীর কথা। সেই নীরবতা যেন স্পষ্ট করে দেয়—এই সমাবেশ কেবল জনসমাগম নয়, এটি এক দৃঢ় অঙ্গীকার ও নতুন ভোরের প্রতিশ্রুতি।
সমাবেশে সভাপতিত্ব করেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম, কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মোহাম্মদ আলি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহেরাজ আহমেদ মাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম সওদাগর।
এছাড়াও বক্তব্য দেন রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবছার মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ নুর উদ্দিন বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ধানের শীষ আজ সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামুর মানুষ তাদের ভোটের মাধ্যমে পরিবর্তনের রায় দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



