বাংলাদেশ

‎চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত

মীর সাজু,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন।

‎তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর, মমিন হাজীসহ ৫০–৬০ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও চাপাতি নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্তত ৭–৮ জন নেতা-কর্মী আহত হন।

‎তিনি আরও জানান,গুরুতর আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের মাথা ফেটে যায় এবং নিরব মিয়াজীর আঙুল, পা ও বুকে গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে আহতদের দুলারহাট হাসপাতালে নেওয়া হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়।

‎গোলাম আখতার মঈন অভিযোগে জানান, নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি চালাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.হোসেন মৌলভী, শাহে আলম বাবলু,  আওলাদ হোসেন ভূইয়া, যুবদলের সভাপতি নিরব সিকদার প্রমুখ।

‎অভিযোগের বিষয় জানতে আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানায়নি।

Related Articles

Back to top button