কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ডিব্রুগড়ের বিশিষ্ট কবি ড. প্রণয় ফুকনের বাংলা অনুবাদ ‘এবং অধ্যায়ে’ গ্রন্থের উন্মোচন

ডিব্রুগড়, আসাম থেকে : কলকাতা মহানগরীতে সদ্যসমাপ্ত আন্তর্জাতিক বইমেলায় আসামের কবি ড. প্রণয় ফুকনের নির্বাচিত কবিতার একটি বাংলা অনুবাদ সংকলনের উন্মোচন করা হয়। গত ৩১ জানুয়ারি প্রেস কর্নারের প্রেক্ষাগৃহে শতাধিক কবিতাপ্রেমীর উপস্থিতিতে কবিতা সংকলন ‘এবং অধ্যায়ে’-এর উন্মোচন করেন বাংলার প্রখ্যাত কবি সুবোধ সরকার।এই কবিতাগুলি অসমিয়া ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক বাসুদেব দাস। কলকাতার বিখ্যাত প্রকাশনা সংস্থা ‘এবং অধ্যায়ে’ প্রকাশিত এই সংকলনে প্রায় ১১০ পৃষ্ঠাজুড়ে কবি ড. প্রণয় ফুকনের নতুন ও পুরোনো বহু জনপ্রিয় কবিতা স্থান পেয়েছে।উন্মোচনী অনুষ্ঠানে প্রখ্যাত ব্রিটিশ কবি ডেভিড লি মরগানসহ আরও কয়েকজন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। উন্মোচক কবি সুবোধ সরকার নবকান্ত বড়ুয়া, হীরেন ভট্টাচার্য, নীলমণি ফুকন প্রমুখ আসামের স্বনামধন্য কবিদের প্রসঙ্গ তুলে ধরে অসমিয়া কবিতাকে বিশ্বদরবারে আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের আহ্বান জানান।



